নিকলীতে অবৈধ জাল দিয়ে পোনা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার নদী ও হাওরগুলোতে নিষিদ্ধ জাল পেতে মাছের পোনা ধরা হচ্ছে। এগুলোতে ঝাঁকে ঝাঁকে মাছের পোনা ধরা পড়ছে। অথচ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গত জুলাই মাসেই জলাশয়গুলোতে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
গত শুক্রবার সকাল সাড়ে নয়টায় ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে উপজেলার পুড্ডার হাওরে গিয়ে দেখা যায়, মশারি জাল দিয়ে তৈরি ছোট ছোট বেড়জাল থেকে মাছ ওঠাচ্ছেন জেলেরা। জালগুলো রাতেই পেতে রাখা হয়েছিল। ওই জালের ফাঁদে ধরা পড়েছে পোমা, চিংড়ি, বাইন, কালবাউশ, রুই, কাতলা, পাঙাশ, মৃগেল, শিলংই, কারপু, মিনারকার্পসহ নানা প্রজাতির মাছের পোনা।
সোয়াইজনী নদীতে গিয়ে দেখা যায়, জেলেরা সাত-আটটি নৌকা দিয়ে বেড়জাল পেতে মাছ ধরছেন। নরসুন্দা নদীতেও একই অবস্থা। দামপাড়া হাওরে গিয়ে দেখা যায়, অনেক নৌকা নিয়ে জেলেরা অবৈধ বেড়জাল দিয়ে মাছ ধরছেন। কেউ মাছ নিয়ে দামপাড়া বাজারে যাচ্ছেন বিক্রি করার জন্য। মহরকোনা গ্রামের জেলে নুর মোহাম্মদ (৪৩) বলেন, ভরা বর্ষা চলছে। এখনই মাছ ধরার সময়। তাই চার-পাঁচজন করে একটি নৌকায় বেড়জাল নিয়ে মাছ শিকার করছেন।
ধনু নদে গিয়ে কথা হয় সিংপুর ইউনিয়নের সিংপুর গ্রামের জেলে খুরশিদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, বর্ষার পাঁচ মাস বাড়িতে বসে না থেকে চার-পাঁচজনে মিলে ৪০ থেকে ৫০ হাজার টাকা দিয়ে একটি বেড়জাল ও নৌকা নিয়ে মাছ শিকার করে সংসার চালান। এতে দোষের কী আছে?
অথচ এ বছর মাছের উৎপাদন বাড়াতে ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়। ওই সাত দিনে উপজেলা মৎস্য কার্যালয় উপজেলার নানা জলাশয়ে ১০ হাজার টাকার মাছের পোনা অবমুক্ত করে। পর্যায়ক্রমে আরও পোনা ছাড়া হবে। হাটবাজার ও জনবহুল এলাকায় মাছ চাষে উদ্বুদ্ধকরণে সভা এবং সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া জেলেদের সচেতনতার জন্য মাইকিং, শোভাযাত্রা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র, ভিডিও দেখানো হয়। কিন্তু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যাপ্ত অর্থ, জনবল এবং নৌযানের অভাবে সিংহভাগ জেলে বা মাছচাষির কাছে এই প্রচারণা পৌঁছায়নি। ফলে অনেকে অবাধে পোনা মাছ শিকার করছেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক মুঠোফোনে বলেন, বিভিন্ন আয়োজনে নিকলীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। তবে অর্থ ও লোকবলের অভাবে উপজেলার সবখানে প্রচারণা চালানো সম্ভব হয়নি। তবে এ সমস্যা নিয়ে জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।