নিকলীতে কাজিকে জরিমানা
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের বিয়ে নিবন্ধককে (কাজি) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকার-নির্ধারিত ফির থেকে অতিরিক্ত টাকা আদায়ের জন্য তাঁকে এ জরিমানা করা হয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেণির হাকিম মো. মাহবুব আলম গত বুধবার দুপুরে এ রায় দেন। অর্থদণ্ড পাওয়া কাজির নাম মো. ইদ্রিস আলী (৪৫)। জরিমানার ২০ হাজার টাকা পরিশোধ করে তিনি আদালত থেকে ছাড়া পেয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানা যায়, একজন কাজি বিয়ের নিবন্ধন (কাবিননামা) করতে দেনমোহরের প্রতি এক লাখ টাকায় ১ হাজার ২৫০ টাকা করে পাবেন। গত ১০ জুন উপজেলার জারইতলা ইউনিয়নের টেকপাড়া গ্রামের আব্বাছ আলীর মেয়ে মোছা. আছমা বেগমের (২০) সঙ্গে কিশোরগঞ্জ সদরের কড়িয়াইল ইউনিয়নের ঝিকরগাছা গ্রামের আক্কাছ আলীর ছেলে রাসেল মিয়ার (২৬) বিয়ে হয়। বর ও কনে আলোচনা সাপেক্ষে ৩ লাখ ২০ হাজার টাকা দেনমোহর ঠিক করেন। কাজিকে বিয়ের কাবিননামা করতে ১০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু দেনমোহর অনুযায়ী তা চার হাজার হওয়ার কথা। আরও টাকা আদায়ের জন্য কাজি কাবিননামায় ৪ লাখ ২০ হাজার টাকা দেনমোহর উল্লেখ করেন। কনেপক্ষ বিষয়টি সংশোধন করতে বলে। এ পর্যায়ে কাজি কাবিননামা সংশোধন ও নকল ওঠানো বাবদ আরও পাঁচ হাজার টাকা নেন।