নিকলীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার জারুইতলা ইউনিয়নের উত্তর জাল্লাবাদ ও বনমালীপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিদের মধ্যে বনমালীপুর গ্রামের জায়েদ মিয়া, আনার মিয়া, ফকির মিয়া ও আশরাফুল ইসলামকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কিশোরগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উত্তর জাল্লাবাদ গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে বনমালীপুর গ্রামের হারিছ মিয়া উত্ত্যক্ত করে।
এ ঘটনার জের ধরে সন্ধ্যায় উত্তর জাল্লাবাদ ও বনমালীপুর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে নিকলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাতেই কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান। নিকলী থানার ওসি মাহবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।