নিকলীতে বলগেটে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওর অঞ্চলের নদীপথে চলাচলকারী বালু ও পাথর বহনকারী বলগেটগুলো থেকে চাঁদা আদায় করা হচ্ছে। সিলেটের ছাতক থেকে পাথর ও বালু নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, ভৈরব ও বাজিতপুর যাওয়ার সময় ধনু নদের বাটিবরাটিয়া এলাকায় বলগেটগুলো চাঁদাবাজদের কবলে পড়ছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে বালুভর্তি একটি বলগেট কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ধনু নদের বাটিবরাটিয়া এলাকা অতিক্রমকালে চাঁদাবাজেরা তা আটক করে চাঁদা দাবি করে। প্রতিবাদ করায় বিকেলের দিকে ওই নৌযানে থাকা সিংপুর গ্রামের পাথর ব্যবসায়ী আলমাছ মিয়াকে পিটিয়ে আহত করে চাঁদাবাজেরা। এ ব্যাপারে আলমাছ মিয়া বাদী হয়ে গত রোববার রাতে সিংপুর ইউনিয়নের বাটিবরাটিয়া গ্রামের হাবিবুল্লাহ (৩৬), তারা মিয়া (৪০) ও মিলন মিয়ার (৩২) নাম উল্লেখসহ আরও সাত থেকে আট অজ্ঞাত ব্যক্তির নামে নিকলী থানায় চাঁদাবাজির মামলা করেন। ওই দিন রাতেই পুলিশ হাবিবুল্লাহ ও তারা মিয়াকে গ্রেপ্তার করে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের বলগেট শ্রমিক জামাল হোসেনসহ ধনু নদের বাটিবরাটিয়া এলাকা দিয়ে চলাচলকারী বলগেটের একাধিক শ্রমিক অভিযোগ করেন, ধনু নদের বাটিবরাটিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকা নিয়ে এসে বলগেটে চাঁদাবাজি করে স্থানীয় একদল চাঁদাবাজ। প্রতিটি নৌযান থেকে ৫০০ টাকা করে নেওয়া হয়। তারা বলগেট শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে বালু ও পাথরভর্তি বলগেট নদীর পাড়ে নিয়ে আটকে রাখে এবং শ্রমিকদের মারধর করে। শ্রমিকেরা আরও বলেন, গত কার্তিক মাস থেকে এই চাঁদাবাজির শিকার হচ্ছেন তাঁরা।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া দুই চাঁদাবাজকে গত সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই নদে চলাচলকারী কোনো বলগেট নৌযান যাতে চাঁদাবাজির শিকার না হয়, সে ব্যাপারে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নেবে।