নিকলীতে বিদ্যালয় ঘেঁষে দোকান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পশ্চিম গুরুই সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে আধপাকা দোকান নির্মাণ করা হয়েছে। এতে বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তা সরু হয়ে গেছে। বিদ্যালয়ে পড়াশোনার স্বাভাবিক পরিবেশও হচ্ছে ব্যাহত।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গুরুই ইউনিয়নের মঠভাঙা এলাকার সামনে ছয় শতাংশ জমির ওপর চার কক্ষবিশিষ্ট পশ্চিম গুরুই সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের সামনের পাঁচ শতাংশ জায়গা গোপাল সূত্রধর নামে এক ব্যক্তির এবং দুই শতাংশ সরকারি খাস জমি। এই জায়গাটিতে বিদ্যালয়ে আসা ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করত। বর্তমানে বিদ্যালয়ে সামনে একটি আধপাকা দোকানঘর নির্মাণ করায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধসহ বিদ্যালয়ে আসা যাওয়ার রাস্তাটিও প্রায় বন্ধের উপক্রম। বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২২১ জন ছাত্র-ছাত্রী রয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা আরও জানান, ২০১৪ সালের আগস্টে গোপাল সূত্রধর গোপনে বিদ্যালয়ের সামনে থাকা তার পাঁচ শতাংশ জমি থেকে তিন শতাংশ এলাকার প্রভাবশালী ব্যক্তি নুরুল, চান্দু ও সাইফুলের কাছেবিক্রি করে দেন। এত দিন বিষয়টি সবার অজানা ছিল। গত ২২ এপ্রিল ক্রয় করা জমির মধ্যে ওই তিন ব্যক্তি বিদ্যালয়টির সামনে একটি আধপাকা দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। প্রথমে বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি দোকানঘর নির্মাণে বাধা দেন। কিন্তু তাঁরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে আর কেউ কথা বলেননি। ওই দোকানের কারণে ইতিমধ্যে আড়ালে চলে গেছে বিদ্যালয়টি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন অভিভাবক জানান, দোকানঘরটির কারণে বিদ্যালয়ে শিক্ষার কোনো পরিবেশ থাকবে না। ছাত্রছাত্রীর অভাবে প্রতিষ্ঠানটি অস্তিত্বের সংকটে পড়বে।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আনোয়ার হোসেন ও প্রথম শ্রেণির ছাত্র তানবির ও সাব্বির হোসেন বলে, ‘আগে বিদ্যালয়ের সামনের জায়গায় আমরা খেলাধুলা করতাম। এখন দোকান করার লাইগা খেলাধুলা করতে পারি না। বিদ্যালয়ে একটু বাতাসও লাগে না।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, ‘সামনের তিন শতাংশ জায়গা জমির মালিক বিক্রি করতে চাইলে বিদ্যালয়ের স্বার্থে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এটি কেনার প্রস্তাব দেওয়া হয়। অনেকেরই কেনার ইচ্ছা থাকা সত্ত্বেও বিদ্যালয়ের স্বার্থে কেউ কেনেনি। অনেকে বায়নার টাকাও ফেরত নিয়েছে। নুরুল গং অসৎ উদ্দ্যেশ্যেই গোপনে জমি কিনেছে বলে জেনেছি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’

এ ব্যাপারে নুরুল বলেন, ‘জায়গাটি আমরা কিনে দোকানঘর নির্মাণ করছি। অনেক বিদ্যালয়ের সামনেই তো জায়গা নেই, এটিরও নেই। এতে অসুবিধা কী!’ একই কথা বলেন সাইফুল।

জমি বিক্রেতা গোপাল সূত্রধর বলেন, ‘আমি গরিব মানুষ, সংসার চালাতে টাকার দরকার, তাই তিন শতাংশ জমি বিক্রি করছি। দুই শতাংশের মধ্যে আমি দোকানঘর নির্মাণ করছি। তবে বিদ্যালয়ের পক্ষÿথেকে কেউ জমি কেনার কথা আমাকে বলেনি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূঞা বলেন, ‘আমি খবর পেয়ে ২৪ এপ্রিল সরেজমিনে গিয়ে জানতে পারি জায়গাটি ব্যক্তিগত। তাই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি।’

ইউএনও মো. মাহবুব আলম বলেন, গুরুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হককে বিষয়টি মীমাংসা করার দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘ইউএনও স্যার বলার পর আমি এলাকার লোকজন নিয়ে বসে দোকানমালিকদের বিদ্যালয়ের সামনে ছয় ফুট জায়গা রেখে দোকানঘর নির্মাণ করতে বলছি। আর ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসার জন্য তিন হাত রাস্তা রাখা হয়েছে।’