নিকলীতে লোকমান হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জের নিকলী উপজেলার নয়াহাটি গ্রামের মো. লোকমান হোসেন হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার বিকেলে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নিহত লোকমান হোসেন নিকলী উপজেলার নয়াহাটি গ্রামের আমির আলীর ছেলে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম লোকমান আলী (৩০)। তাঁকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নয়াহাটি গ্রামের ফিরোজ মিয়ার ছেলেদের সঙ্গে একই গ্রামের আমির আলীর জমি নিয়ে মামলা-মোকদ্দমাসহ বিরোধ ছিল। ৩ ফেব্রুয়ারি রাত নয়টায় আমির আলীর ছেলে লোকমান হোসেন ঘর থেকে বের হয়ে বাজারের দিকে যান। এরপর তিনি আর ফেরেননি। পরদিন সকালে একটি বেগুনখেতে লোকমানের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ৫ ফেব্রুয়ারি লোকমানের এক চাচাতো ভাই বাদী হয়ে নিকলী থানায় ১৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নিকলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, লোকমান আলী মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন। সোমবার বিকেলে নয়াহাটি গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে নিকলী থানার পুলিশ।