নিকলীতে শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ১
কিশোরগঞ্জের নিকলীতে রাজীব নামের এক শিশুর পায়ে সুই ফুটিয়ে ও তার শরীরে গরম রডের ছ্যাঁকা দিয়ে নির্যাতন করার অভিযোগে করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার পুলিশ তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়াসিন। তিনি নিকলী উপজেলার দামপাড়া গোয়ালহাটি গ্রামের বাসিন্দা। নির্যাতনের শিকার রাজীব একই গ্রামের মো. তারা মিয়ার ছেলে। এ ঘটনায় গতকালই তিনি ইয়াসিনসহ চারজনের বিরুদ্ধে নিকলী থানায় মামলা করেছেন।
আহত শিশুর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজীবের মা রোসেনা বেগম মানসিক রোগী। তার বাবা তারা মিয়া দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকেন। তাই রাজীব কৃষি মৌসুমে ৫০ টাকা রোজে মানুষের জমিতে কাজ করে। গত সোমবার ভোরে সে দামপাড়া পূর্বহাটি গ্রামের কৃষক ছালামের জমিতে কাজে যাওয়ার উদ্দেশে দামপাড়া নৌকাঘাটে যায়। এ সময় ইয়াসিন তাঁর মুঠোফোন চুরি যাওয়ার অভিযোগে রাজীবকে নৌকা থেকে নামিয়ে মারধর করেন। একপর্যায়ে তিনি রাজীবকে টেনেহিঁচড়ে তাঁর শ্বশুরবাড়ি দামপাড়া পূর্বহাটি গ্রামে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে সুই গরম করে রাজীবের পায়ের নখের মধ্যে ঢুকিয়ে দেন ইয়াসিন।
এরপর গাছে বেঁধে রাখা অবস্থায় একই গ্রামের আলিফা ও দ্বীন ইসলাম লোহার রড গরম করে রাজীবের শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে গেলে ইয়াসিন রাজীবকে তাদের বাড়ির উঠানে ফেলে চলে যান। পরদিন মঙ্গলবার সকালে এলাকাবাসী তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজীবের সঙ্গে কথা হয়। সে বলে, ‘আমি মোবাইল ফোন চুরি করিনি। আমি তাদের জমিতে কাজ না করায় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে নির্যাতন করেছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘রাজীবের শরীরের বিভিন্ন স্থানে গরম রড দিয়ে ছ্যাঁকা দেওয়ার অনেক দাগ রয়েছে। আমরা তার চিকিৎসা দিচ্ছি।’
নিকলী থানার ওসি এ কে এম মাহাবুব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।