নিকলীতে সন্ত্রাসী হামলায় কলেজছাত্রী গুরুতর জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাহমুদা আক্তার নামের এক কলেজছাত্রী হামলার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, তাঁর সাবেক স্বামীর নেতৃত্বে গত মঙ্গলবার এই হামলা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি মাথায় গুরুতর জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁর সংজ্ঞা ফেরেনি।

এদিকে, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী হিলচিয়া বাজারে এলাকাবাসী মিছিল করে। মামলার ঘটনায় স্বামীসহ সাতজনের নাম উল্লেখ করে নিকলী থানায় মামলা হয়েছে।

মাহমুদার (১৯) বাড়ি নিকলী উপজেলার পাড়া বাজিতপুর গ্রামে। তিনি বাজিতপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, বছর খানেক আগে একই গ্রামের জসিম উদ্দিনের (২৫) সঙ্গে মাহমুদার বিয়ে হয়। কিন্তু জসিম মাদকাসক্ত। তিনি মাহমুদাকে নানাভাবে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে স্থানীয় বিবাহ ও নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতে বিবাহবিচ্ছেদ ঘটানো হয়। কিন্তু এরপরও জসিম কলেজে যাওয়া-আসার পথে মাহমুদাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার বিকেলে মাহমুদা বাড়ি থেকে কোচিংয়ে যাচ্ছিলেন। পথে নিকলী উপজেলা ও পাশের বাজিতপুর উপজেলার সীমান্তবর্তী পাড়া বাজিতপুর-হিলচিয়া সেতুর ওপর তিনি হামলার শিকার হন। জসিম তাঁর ছোট ভাইসহ কয়েকজন ওই সেতুর ওপর ওত পেতে ছিলেন। মাহমুদার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে পরে মাহমুদাকে রাজধানী ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। গতকাল রাত আটটার দিকে এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তাঁর সংজ্ঞা ফেরেনি।

নিকলী থানার ওসি মো. মুঈদ চৌধুরী বলেন, হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দুই সহোদর জসিম উদ্দিন ও রাজু আহম্মেদকে কারাগারে পাঠানো হয়েছে।