নিকলীর এসএসসি পরীক্ষার্থীরা অতিরিক্ত ফি ফেরত পায়নি
উচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা দুই দিন আগে অতিবাহিত হলেও কিশোরগঞ্জের নিকলী উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত পায়নি। গতকাল বৃহস্পতিবার উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিভাবকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, নিকলীতে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার প্রায় ৯৮৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছে। অভিভাবকদের অভিযোগ, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড-নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। বোর্ড ফি ১ হাজার ৪৫০ টাকা। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা করে।
এ বিষয়ে উচ্চ আদালত ২০ জানুয়ারির মধ্যে ওই অতিরিক্ত টাকা ফেরত দিতে নির্দেশ দেন । এটি অমান্য করলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল এবং ওই পর্ষদের সদস্যদের পরবর্তী তিন বছরের জন্য পর্ষদ নির্বাচনে অযোগ্য হিসেবে গণ্য করা হবে।
আদালতের এ নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দিলারা হাফিজ ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান অতিরিক্ত ফি ফেরত দিতে পৃথক পরিপত্র জারি করেন। তাঁদের এ আদেশের চিঠি নিকলীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, ২০ জানুয়ারি মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান কতজন শিক্ষার্থীর টাকা ফেরত দিয়েছে, তা লিখিতভাবে মাধ্যমিক শিক্ষা কার্যালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল। দুই দিন পার হলেও কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়তি ফি ফেরত বা এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়নি।
সদর ইউনিয়নের মহরকোনা গ্রামের গিয়াস উদ্দিন গতকাল বলেন, ‘আদালতের নির্দেশনা দেখে ১০ থেকে ১২ বার টাকা ফেরত নিতে মাদ্রাসা সুপারের কাছে গেছি। কিন্তু কোনো টাকা দেননি।’
ওই মাদ্রাসার সুপার মাহবুব রহমান অতিরিক্ত ফি নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরা তো কমই নিয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।’
ইউএনও মাহবুব আলম বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত টাকা ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।