নিকলীর ৪০টি স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিভিন্ন স্থানে অবাধে চলছে মাদক ব্যবসা। আগে ফেনসিডিল, গাঁজা, হেরোইন বিক্রি হলেও এখন ইয়াবা, ড্যান্ডিসহ নানা ধরনের নতুন মাদকে আসক্ত হয়ে পড়ছে মাদকসেবীরা। মাদক কেনার টাকা জোগাড় করার জন্য মাদকসেবীরা চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, নিকলীর ৪০টি স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। এসব স্থানে প্রতিদিন লক্ষাধিক টাকার মদ, গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করা হয়। তারা আরও জানায়, কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী, সদর এবং সিলেট জেলা থেকে সড়ক, রেল ও নৌপথে গাঁজা, হেরোইন, ফেনসিডিল ও ইয়াবা নিকলীতে আনা হয়। মাঝেমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ চোলাই মদ ও গাঁজা আটক করে। কিন্তু ব্যবসা বন্ধ হয় না।
স্থানীয় লোকজন জানান, মাদকসেবীরা নেশার টাকা জোগাড় করার জন্য নলকূপের মাথা ও লোকজনের বাড়ি থেকে মালামাল চুরি এবং রাস্তায় ছিনতাই করছে। নিকলী সদর ইউনিয়নের হাসপাতাল মোড়, জারুইতলা, সাজনপুর, ষাইটধার, দামপাড়া বাজার ও মোহরকোনা এলাকায় গত দুই সপ্তাহে অন্তত ১০টি চুরির ঘটনা ঘটে। মাদকসেবীরা গত ১০ মার্চ সন্ধ্যায় দামপাড়া হাওর থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে।
নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বলেন, তাঁদের বিদ্যালয় থেকে গত বছর চারটি বৈদ্যুতিক পাখা ও দুটি নলকূপের মাথা চুরি করে নিয়ে গেছে মাদকসেবীরা।
গোয়েন্দা পুলিশ, উপজেলা প্রশাসন ও গত এপ্রিলে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সূত্রে জানা গেছে, নিকলী সদর ইউনিয়নের কুলুহাটি, টিঅ্যান্ডটি মোড়; জারুইতলা ইউনিয়নের রসুলপুর বাজার, সাজনপুর বাজার; গুরই ইউনিয়নের নতুন বাজার, আশ্রয়কেন্দ্র; ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর বাজার, ঘোড়াউত্রা নদীর পাড়; সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার, বাটিবরাট্টা; কারপাশা ইউনিয়নের কারপাশা মুচিবাড়ি, জালালপুর মুচিবাড়ি; দামপাড়া ইউনিয়নের জয় বাংলা বাজার, দামপাড়া বাজার, কামালপুর, দামপাড়া কারার মাহতাব উদ্দিন স্কুলের মাঠসহ ৪০টি স্থানে প্রকাশ্যে মদ, গাঁজা ও ইয়াবা বিক্রি হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল হোসেন বলেন, জারুইতলা ইউনিয়নের মাদক ব্যবসার সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতা জড়িত। তবে তিনি তাঁদের নাম বলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে একজন গাঁজা ব্যবসায়ী বলেন, নিকলীতে ৩৫ জন গাঁজা ব্যবসায়ী রয়েছেন। একজন ব্যবসায়ী প্রতিদিন এক হাজার টাকার গাঁজা বিক্রি করেন।
নিকলী থানার ওসি মাহবুব আলম বলেন, চুরি-ছিনতাই বেড়েছে—এ কথাটি ঢালাওভাবে বলা ঠিক না। তবে মাদকাসক্তদের সংখ্যা বেড়ে গেছে। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত ৪৫ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।