নিকারাগুয়ায় ১৫ বাংলাদেশি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার পুলিশ বলেছে, তারা ১৫ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে। মানব পাচারকারীরা ফেলে রেখে চলে গেলে তাঁরা পথ হারিয়ে ফেলেন। খবর ফক্স নিউজের।
নিকারাগুয়ার পুলিশ কমিশনার লিওনিদাস রোকের বরাত দিয়ে গত বৃহস্পতিবার প্রচারিত প্রতিবেদনে ফক্স নিউজ এ খবর দেয়। এতে বলা হয়, ওই বাংলাদেশি অভিবাসীদের কোস্টারিকা থেকে হন্ডুরাসে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে তাঁরা নিকারাগুয়া অতিক্রম করছিলেন। চূড়ান্ত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।
পুলিশ কমিশনার রোকে বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকে বলেন, এসব অভিবাসী পথ হারিয়ে ফেলেছিলেন। রাজধানী মানাগুয়ার ২০ কিলোমিটার দক্ষিণে তাঁদের পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, পাচারকারীরা তাঁদের সবকিছু কেড়ে নিয়ে গেছে বলে অভিবাসীরা জানান। তাঁরা তিন দিন ধরে কোস্টারিকার সীমান্ত ধরে হাঁটছিলেন। পাচারকারীদের জনপ্রতি ১০০ থেকে ৫০০ ডলার দিয়েছিলেন বলেও তাঁরা জানান।
অভিবাসীদের সবাইকে এখন অভিবাসনকেন্দ্রে রাখা হয়েছে। এঁদের একজন পুলিশকে বলেছেন, রাজনৈতিক সমস্যার কারণে তিনি দেশ ছেড়েছেন।