নিকুঞ্জে হাঁটার পথ নেই, দখল হচ্ছে লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকুঞ্জ–১ এলাকার জলাশয়টি অবৈধভাবে ভরাট করে বাড়ি নির্মাণ করছেন স্থানীয় বাসিন্দারা l প্রথম আলো
নিকুঞ্জ–১ এলাকার জলাশয়টি অবৈধভাবে ভরাট করে বাড়ি নির্মাণ করছেন স্থানীয় বাসিন্দারা l প্রথম আলো

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকার উত্তর পাশের একটি লেক ভরাট করা হচ্ছে। গড়ে উঠছে অবৈধ স্থায়ী স্থাপনা। নিকুঞ্জ-১ (দক্ষিণ) এলাকায় খেলার মাঠ, ঈদগাহ, বাজার, ক্লাব ও হাঁটার পথের জন্য জায়গা বরাদ্দ থাকলেও কিছুই নির্মিত হয়নি।
নিকুঞ্জ-১ (দক্ষিণ) এলাকার ৭/বি সড়কের শেষ মাথায় থাকা লেকটি ভরাট করা নিয়ে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন। লেক ভরাট বন্ধে নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকা কল্যাণ সমিতির পক্ষ থেকে ২০১১ সালে হাইকোর্টে একটি রিট করা হয়। হাইকোর্ট ২০১২ সালে লেক ভরাট ও লেকে কোনো ধরনের স্থাপনা নির্মাণে স্থায়ী নিষেধাজ্ঞা দেন।
নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম হায়দার প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশনা না মেনে দিনের পর দিন লেক দখল চলছে। প্রতিদিনই অল্প অল্প করে মাটি ফেলে লেক ভরাট করা হচ্ছে। বর্তমানে ভরাট করা জায়গায় পাকা ভবন ও টিনের ঘর বানানো হয়েছে। গত রোববার দেখা যায়, নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকার লেকটিতে বাঁশ-টিন দিয়ে ঘর তোলা হয়েছে। আছে পাকা দালানও। মূলত টানপাড়া নামে পরিচিত লেকের অন্য পারে দখল হয়েছে। টানপাড়ার লোকজনের সঙ্গে কথা বলতে গেলে উপস্থিত কয়েকজন বলেন, ‘ঘর কারা তুলছে জানি না। আমরা ভাড়া থাকি।’
লেক ভরাট বন্ধে ব্যবস্থা নিতে কল্যাণ সমিতির পক্ষ থেকে খিলক্ষেত থানায় একাধিকবার লিখিত দেওয়া হয়েছে। এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘এখন লেক ভরাটের কাজ চলছে না। যখনই লেক ভরাটের খোঁজ পাই, পুলিশ ব্যবস্থা নেয়। একাধিকবার ভরাটের সময় লোকজনকে ধরে এনে আদালতে চালান করা হয়েছে।’
নিকুঞ্জ-১ (দক্ষিণ) এলাকায় খেলার মাঠ, ঈদগাহ, বাজার, ক্লাব ও হাঁটার পথ নির্মাণের জন্য ১২ বিঘা জায়গা বরাদ্দ আছে। জায়গাটি ছিল নিচু ভূমি। গতকাল দেখা যায়, ফাঁকা জায়গাটিতে উঁচু-নিচু মাটির ঢিবি। এলাকার যেসব প্লটে নতুন ভবন নির্মাণের কাজ চলছে, সেগুলো থেকে তোলা মাটি এখানে এনে ফেলা হয়।
কল্যাণ সমিতির পক্ষ থেকে জায়গাটির উন্নয়ন করে খেলার মাঠ, বাজার, হাঁটার পথসহ অন্যান্য উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। সমিতির পক্ষ থেকে বলা হয়, নিকুঞ্জ-১ (দক্ষিণ) এলাকার বাসিন্দাদের মধ্যে অনেকেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। এলাকার মাঠ ও হাঁটার পথ করা হলে বাসিন্দারা সকাল-সন্ধ্যা হাঁটাচলার সুযোগ পাবেন। নিকুঞ্জ-১ (দক্ষিণ) এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিকুঞ্জ-২ এলাকা থেকে পানিনিষ্কাশনের একটি সংযোগ নিকুঞ্জ-১ এলাকার সামনের অংশে অবস্থিত আরেকটি লেকে দিচ্ছে। ফলে লেকের পানি দূষিত হয়ে পড়বে।
এ বিষয়ে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নিকুঞ্জ-১ এলাকার সংযোগও এই লেকটিতে। নিকুঞ্জ-২ এলাকা থেকে আসা নিষ্কাশনের লাইন বন্ধ করা ছিল। ফলে নিকুঞ্জ-২ এলাকায় জলাবদ্ধতা দেখা দিত। পানি যাতে জমে না থাকে, সে জন্য সংযোগ দেওয়া হচ্ছে।’