কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মাদ্রাসার অধ্যক্ষের লাশ গতকাল সোমবার উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
অধ্যক্ষের নাম মোহাম্মদ হাফিজ উদ্দিন (৪৫)। তিনি কান্দাইল দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলার ইন্দাচুল্লি গ্রামের বাসিন্দা ছিলেন।
হাফিজ উদ্দিনের স্বজনেরা বলেন, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে পরিবারের আট সদস্যকে নিয়ে হাফিজ উপজেলার বারুক এলাকা থেকে ডিঙি নৌকায় করে নিজ গ্রামে যাচ্ছিলেন। পথে বারুক এলাকার পাশেই বড় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। পরিবারের সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হাফিজ উঠতে পারেননি। পরে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর লাশ গুনধর উচ্চবিদ্যালয়ের পাশে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী নিখোঁজ অধ্যক্ষের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।