নিখোঁজ ইউপি সদস্য প্রার্থীর লাশ মিলল হোটেলে
বান্দরবান জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আজ মঙ্গলবার দুপুরে মংনু মারমা (৩৫) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মংনু বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের সদস্য প্রার্থী ছিলেন। গত রোববার তিনি নিখোঁজ হন বলে পরিবার জানায়।
পুলিশ ও ওই হোটেল কর্তৃপক্ষ জানায়, আজ দুপুরে জেলা শহরের মধ্যম পাড়ায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে পচা গন্ধ বের হচ্ছিল। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। পরে জানা যায়, লাশটি ইউপি সদস্য প্রার্থী মংনু মারমার।
হোটেলের ব্যবস্থাপক জর্জি মারমা সাংবাদিকদের বলেন, গত ৭ এপ্রিল হোটেলে উঠেছিলেন মংনু। এর বেশি কিছু তিনি জানেন না।
তবে মংনুর বড় ভাই মং এনু মারমা সাংবাদিকদের বলেন, গত ১০ এপ্রিল রোববার বিকেলে মংনু নির্বাচনী পোস্টার নেওয়ার জন্য বাড়ি থেকে শহরের উদ্দেশে বের হন। এরপর তিনি ফেরেননি। মুঠোফোনও ছিল বন্ধ। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। পরে এ ঘটনায় রুমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মংনুর বড় ভাই আরও বলেন, ওই হোটেলে ওঠার ব্যাপারে তিনি কিছু জানেন না। মংনু গাছের ব্যবসা করতেন। কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই।
তবে জেলা শহরের যে ছাপাখানায় মংনু পোস্টার নিতে গিয়েছিলেন বলে তাঁর পরিবার বলছে, ওই ছাপাখানার কর্মচারী উবাশৈ মারমা বলেন, মংনু মারমা পোস্টার নিতে আসেননি। তাঁর পোস্টারগুলো এখনো তাঁদের কাছে আছে।
রুমা উপজেলার নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা বলেন, পাইন্দু ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঁচ সদস্য প্রার্থীর মধ্যে মংনু মারমা একজন। ২৩ এপ্রিল পাইন্দু ইউপিসহ রুমায় চার ইউপির নির্বাচন হবে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্যাহ সাংবাদিকদের বলেন, মংনুর লাশ কিছুটা পচে গলে গেছে। শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ ও ধরন জানা যাবে। লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।