নিখোঁজ এক তরুণ খুন বৃদ্ধর লাশ উদ্ধার
নিখোঁজের পাঁচ দিন পর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে গতকাল বুধবার এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন পিরোজপুর শহরের ভারানী খালে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের লাশ পাওয়া যায়।
নিহত ব্যক্তিরা হলেন ইমরান হোসেন (২২) এবং গৌরাঙ্গ লাল সাহা (৮০)।
ইমরান ভেড়ামারার বারমাইল মুন্সিপাড়া এলাকার ইয়ারুল ইসলামের ছেলে। তিনি বালিরঘাটে ট্রলির চালক ছিলেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ইমরান ভেড়ামারা বারমাইল বালিরঘাট এলাকা থেকে নিখোঁজ হন। রোববার তাঁর বাবা বাদী হয়ে কয়েকজনকে আসামি করে ভেড়ামারা থানায় একটি অপহরণ মামলা করেন। মঙ্গলবার অভিযান চালিয়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
গতকাল সকালে বারমাইল মুন্সিপাড়া পদ্মাচর এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ লাশ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, এ সময় লাশের গলায় কাপড় প্যাঁচানো ছিল। এ ছাড়া মাথায় আঘাতের চিহ্ন ছিল।
পিরোজপুর শহরের খুমুরিয়া এলাকার ভারানী খাল থেকে গতকাল সকালে গৌরাঙ্গ লাল সাহার লাশ উদ্ধার করা হয়। গৌরাঙ্গ লাল সাহার বাড়ি পিরোজপুর শহরের রাজারহাট মহল্লায়। তিনি পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গৌরাঙ্গ লাল সাহা বাসা থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে স্থানীয় লোকজন ভারানী খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর গৌরাঙ্গ সাহার নাতি মিঠুন সাহা লাশ শনাক্ত করেন।
মিঠুন সাহা বলেন, গৌরাঙ্গ লাল সাহা বাসা থেকে বের হয়ে মাঝেমধ্যে রাতে ফিরতেন না। এ কারণে পরিবারের লোকজন তাঁকে খোঁজ করেনি। গতকাল সকালে খবর পেয়ে তাঁর লাশ শনাক্ত করা হয়। আনসার আলী নামের এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে তাঁর (গৌরাঙ্গ) বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে।
পিরোজপুর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে কোনো কারণে তিনি খালে পড়ে যেতে পারেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।