নরসিংদীর শিবপুরে নিখোঁজের ১০ দিন পর হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার হয়েছে এক কিশোরী (১৬)। গত শনিবার রাতে উপজেলার আমতলা বাজারের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। মেয়েটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের বাসিন্দা তারা। শহরের দাসপাড়ায় বড় বোনের সঙ্গে থাকে সে। ৪ জুন শহরের সাটিরপাড়ায় মেজ বোনের বাসায় বেড়াতে যায় কিশোরী। সেখান থেকে বড় বোনের বাসায় ফেরার পথে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তার মা দাসপাড়া মহল্লার সৈকত মিয়া ও মেহেদী নামের দুই যুবকের বিরুদ্ধে সদর থানায় অপহরণের অভিযোগ দেন। তারা মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল হোসেন ওই দিনই সৈকতকে আটক করেন। কিন্তু পরবর্তী সময়ে অজ্ঞাত কারণে তিনি সাদা কাগজে বাদীর সই নিয়ে সৈকতকে ছেড়ে দেন।
ঘটনার ১০ দিন পর শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার আমতলা বাজারের পাশে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।
কিশোরীর মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে সৈকত ও মেহেদী তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এসআই জুয়েল অভিযুক্ত সৈকতকে আটক করেও ছেড়ে দিয়েছেন। উল্টো তাঁর কাছ থেকে সাদা কাগজে সই নিয়েছেন এসআই। কিন্তু মেয়েকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেননি। পরে নিরুপায় হয়ে তিনি ৯ জুন নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন।
এ বিষয়ে কথা বলতে এসআই জুয়েলের মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ‘ব্যস্ত আছেন’ বলে সংযোগ কেটে দেন। পরে আরও কয়েকবার কল করলেও তিনি ফোন ধরেননি।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মোস্তাক সরকার বলেন, চিকিৎসাধীন কিশোরীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর পাশবিক নির্যাতনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এসআই জুয়েলের আসামি ছেড়ে দেওয়া বিষয়ে সহকারী পুলিশ সুপার বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।