নিখোঁজ চা-শ্রমিকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার পানিতে ডুবে নিখোঁজের দুদিন পর আজ শুক্রবার সকালে প্রদীপ মালহা (৩০) নামের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। প্রদীপের বাড়ি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানে।
স্থানীয়রা জানান, অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে গত মঙ্গলবার মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে টিলাগাঁওয়ের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। পরদিন বুধবার বিকেলে স্থানীয় নওয়াবাজার থেকে বাড়িতে ফেরার সময় প্রদীপ বন্যার পানিতে ডুবে যান। খবর পেয়ে ওই দিনই কুলাউড়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়েও তাঁর সন্ধান পাননি। আজ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রাবার বাগানের কাছে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখেন। পরে লাশটি প্রদীপের বলে শনাক্ত করা হয়।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালিক বলেন, প্রদীপের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।