নিখোঁজ চালকের লাশ পাঁচ দিন পর উদ্ধার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহাগঞ্জ এলাকা থেকে পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া সিএনজিচালিত অটোরিকশার চালক আবু হানিফার (২৭) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সকালে নাহড়া গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আবু হানিফার গাড়ি চালানোর অনুমতিপত্রসহ (লাইসেন্স) একজনকে আটক করেছে পুলিশ।
আবু হানিফার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইতলা ইউনিয়নের বাড়ই গ্রামে। তাঁর বাবার নাম গিয়াস উদ্দিন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে নান্দাইল চৌরাস্তা মোড় থেকে যাত্রী নিয়ে গৌরীপুরের সহনাটি ইউনিয়নের শাহাগঞ্জ বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন আবু হানিফা। অনেক খুঁজেও তাঁর সন্ধান না পেয়ে আবু হানিফার পরিবার নান্দাইল থানায় একটি সাধারণ ডায়েির (জিডি) করে।
গতকাল সকাল আটটার দিকে বোকাইগর ইউনিয়নের নাহড়া গ্রামের মিডানি বিলের কালভার্টের নিচে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে আবু হানিফার স্বজনেরা লাশ শনাক্ত করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গৌরীপুর শহর থেকে সাইফুল নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছে হানিফার গাড়ি চালানোর লাইসেন্সটি পাওয়া গেছে বলে তিনি জানান। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।