নিখোঁজ ছাত্রসহ দুই জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে নিখোঁজ হওয়ার চার দিন পর সৌরভ মোল্যা নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঝালকাঠির রাজাপুর উপজেলায় গতকাল রোববার খাল থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। গোপালগঞ্জে ব্যাটের আঘাতে আহত তামিম খান নামের এক স্কুলছাত্র গতকাল ভোরে হাসপাতালে মারা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার চরকান্দিপাড়া গ্রামের শরিফুল মোল্যার ছেলে সৌরভ মোল্যা (১৪) গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা শুক্রবার রাতে নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার বিকেলে গ্রামের একটি ডোবায় স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। সৌরভ স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার পাশাপাশি সে ভাড়ায় ইজিবাইক চালাত।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গাইন বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের জন্য কিশোরকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি গ্রামের বামনের খাল থেকে উদ্ধার হওয়া লাশটি কৃষক আবুল ফকিরের। তিনি গ্রামের মৃত কাদের ফকিরের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আবুল ফকির বামনের খালে দেওয়া একটি বাঁধ কাটতে শনিবার রাতে সেখানে যান। রাতে তিনি আর ফেরেননি। গতকাল সকালে লোকজন খালে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজাপুর থানার ওসি হারুন-অর-রশীদ বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।
গোপালগঞ্জ সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামের রমজান আলী খানের ছেলে তামিম খান (১৪) পাইকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। শনিবার বিকেলে শশাবাড়িয়া গ্রামের উত্তরপাড়া মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল তামিম। এ সময় ব্যাট করা নিয়ে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মিথুন ও আশিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক ব্যাট দিয়ে মিথুনের পায়ে আঘাত করে। তখন আশিককে বকাঝকা করে তামিম। এতে ক্ষুব্ধ হয়ে আশিক ব্যাট দিয়ে তামিমের মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় তামিমকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে সেখানে সে মারা যায়।
গোপালগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে তামিমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।