নিখোঁজ ছয়জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গত শুক্রবার পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার তাঁদের লাশ উদ্ধার করা হয়।

প্রাণহানির শিকার ছয়জনের তিনজন একই পরিবারের। তাঁরা হলেন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামের আকবর আলী শেখের স্ত্রী হালিমন বেগম (৪০), মেয়ে ফরিদা আক্তার (২০) ও বোন বেগম বিবি (৪৫)। অন্য তিনজনের মধ্যে রাহুল ও রাজু কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির আলতাব হোসেনের ছেলে। অপরজন ভ্যানচালক দুলাল মণ্ডল (৩২) পাংশার চররামনগর গ্রামের আবদুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার বিকেলে প্রায় ২৫ জন যাত্রী কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরিণবাড়িয়া ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত খেয়ানৌকায় করে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সাদার চর ও চররামনগর গ্রামের দিকে রওনা হন। ঘাট থেকে প্রায় ১০০ মিটার দূরে যাওয়ার পর হরিণবাড়িয়া সেতুর কাছে প্রচণ্ড স্রোতের মুখে পড়ে নৌকাটি ডুবে যায়। কিছু যাত্রী সাঁতরে ও পাশের একটি নৌকার সাহায্যে ডাঙায় আসতে পারলেও ছয়জন নিখোঁজ হন। তাঁদের উদ্ধার তৎপরতায় উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজবাড়ী ও পাংশা ফায়ার সার্ভিসের দুটি দল এবং রাজশাহীর একটি ডুবুরি দল অংশ নেয়। গতকাল ভোর সাড়ে পাঁচটা থেকে বেলা পৌনে তিনটার মধ্যে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে গঙ্গানন্দপুর এলাকা থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়।

সরেজমিনে গতকাল সকালে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাস্থলের কাছে স্বজনদের পাশাপাশি উৎসুক মানুষের ভিড়। নদীর পাড়ে আহাজারি করছেন মৃত ব্যক্তিদের স্বজনেরা।

 দুই সহোদর রাজু ও রাহুলের সঙ্গে একই নৌকায় ছিলেন তাঁদের বাবা ও মা। তাঁরা দুজন সাঁতরে নদী পাড় হতে দুই সন্তান নিখোঁজ হয়। তাঁদের লাশ উদ্ধারের পর বাবা আলতাব হোসেন বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন। তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন। জ্ঞান ফিরে পেতেই চিৎকার দিয়ে আবার মূর্ছা যাচ্ছিলেন।

গতকাল সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা ও পুলিশ সুপার জিহাদুল কবির। এ সময় প্রশাসনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, নিখোঁজ ছয়জনের লাশ উদ্ধার হওয়ার পর বেলা পৌনে তিনটার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়। ছয়জনের দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।