নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকা থেকে গতকাল মঙ্গলবার সোহাগ হোসেন (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে হামলায় আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন।

সোহাগ হোসেনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকায়। তিনি স্থানীয় এক ব্যক্তির বাগানবাড়িতে কাজ করার পাশাপাশি উচ্চমাধ্যমিক শ্রেণিতে পড়াশোনা করতেন।

সোহাগের মামা মো. জসিম উদ্দিন বলেন, গত সোমবার রাত আটটার দিকে সোহাগ বাগানবাড়িতে কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। গতকাল সকালে রাজাবাড়ি এলাকার ওই বাগানবাড়ির সামনে পুকুরপাড়ে সোহাগের লাশ পড়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, তাঁদের ধারণা, সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জের ধরে সোহাগকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ জুন সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভাওয়ারভিটি এলাকায় সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডের সামনে সন্ত্রাসীদের হামলায় আবদুল হালিম (৫৫) নামের এক ব্যক্তি আহত হন। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত নয়টার দিকে তিনি মারা যান।

হালিমের ভাই ইউনুছ মিয়া বলেন, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা তাঁর ভাইকে মারধর করে।

হালিমের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের মালিভিটা আওরাহাটি এলাকায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, হালিমের ওপর হামলার ঘটনার রাতেই তাঁর ভাই হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছেন। এ ছাড়া সোহাগের মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।