নিখোঁজ তরুণের লাশ মিলল মাছের খামারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে মুঠোফোন কিনতে গিয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর আজ মঙ্গলবার দুপুরে রিয়াজ উদ্দিন (২৩) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি মাছের খামার থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

রিয়াজ উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা ধান-চাল ব্যবসায়ী আবদুর রশীদের ছেলে। রিয়াজের পরিবারের সদস্যদের অভিযোগ, মুঠোফোন বেচাকেনা-সংক্রান্ত কোনো বিষয় নিয়ে রিয়াজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রিয়াজের পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিয়াজের বাবা আবদুর রশীদ ছয়-সাত বছর ধরে পক্ষাঘাত রোগে ভুগছেন। ছোট ছেলে রিয়াজ তাঁকে ব্যবসার কাজে সহযোগিতা করতেন। গত ১৬ ডিসেম্বর রাত আটটার দিকে রিয়াজ তাঁর বাবাকে বলেন, একই এলাকার আমির হোসেন (২৫) ৫ হাজার ৭০০ টাকায় একটি দামি মুঠোফোন বিক্রি করবেন। তিনি (রিয়াজ) সেটি কেনার আগ্রহের কথা বাবাকে জানান। এ সময় আবদুর রশীদ ছেলেকে ৫ হাজার ৭০০ টাকা দেন। রিয়াজ ওই টাকা নিয়ে বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যান। এরপর রিয়াজ আর বাড়ি ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। পরের দিন ১৭ ডিসেম্বর সকালে এ ব্যাপারে রশীদ জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এক কিশোর উত্তর জাঙ্গিরাই গ্রামের মাছুম আহমদের মাছের খামারে একটি লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন সেখানে ছুটে গিয়ে বিষয়টি পুলিশকে জানান। বেলা একটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা গিয়ে লাশটি রিয়াজের বলে শনাক্ত করেন। পরে লাশটি থানায় নিয়ে যাওয়া হয়।

ছেলের লাশ দেখতে আসা রিয়াজের মা বাছিরুননেছা বিলাপ করে বলছিলেন, ‘মোবাইল আমার ছেলেটার জীবন কাড়ি নিছে। আমি এইটার বিচার চাই।’

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস বিকেল পাঁচটার দিকে বলেন, লাশটি বিকৃত হয়ে গেছে। এ ছাড়া শরীরে পচনও ধরেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় লাশের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশটি খামারের কাদাপানিতে পুঁতে রাখে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আবদুর রশীদ বলেন, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে শরীফ রাজমিস্ত্রির কাজ করেন। অসুস্থ হওয়ার পর থেকে ছোট ছেলে রিয়াজ তাঁর ব্যবসা দেখাশোনা করতেন। রিয়াজের নিখোঁজ হওয়ার পরের দিন তাঁরা আমিরদের বাড়িতে যান। এ সময় আমির দাবি করেন, রিয়াজের সঙ্গে ঘটনার দিন রাতে তাঁর দেখা হয়। কিন্তু মুঠোফোন বিক্রির বিষয়ে তিনি (আমির) কিছু জানেন না। আমিরের বাবা রশীদ মিয়া তাঁদের বলেছিলেন, ঘটনার দিন রাতে আমিরের পায়ে কাদা লাগানো ছিল। বাড়িতে ফেরার পথে সাপ দেখে ভয় পেয়ে কাদাপানিতে তিনি পড়ে গিয়েছিলেন বলে আমির তাঁর পরিবারের সদস্যদের জানান।

রশীদ বলেন, মুঠোফোন বেচাকেনার জের ধরে রিয়াজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় তিনি থানায় হত্যা মামলা করবেন।

দুপুরের দিকে আমির হোসেনের বাড়িতে গেলে তাঁর মা পরিষ্কার বেগম ও স্ত্রী শিউলি আক্তার জানান, আমির বাড়িতে নেই। সকালে বেরিয়ে পড়েছেন। কোথায় গেছেন তা তাঁরা জানেন না।

একাধিকবার যোগাযোগের চেষ্টা করে আমিরের মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়।