নিখোঁজ দুই ছাত্রের লাশ মিলল পাটখেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের তিন দিন পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কুকুরমারি গ্রামের একটি পাটখেত থেকে দুই ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
নিহত দুজন হলো ওই উপজেলার গজারিয়া গ্রামের আবদুস ছালামের ছেলে মহর আলী (১৭) ও তার ভাতিজা স্বপন মিয়া (১৬)। স্বপনের বাবার নাম জাহাঙ্গীর আলম। মহর আলী মাদারগঞ্জ মির্জা আজম কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ছিল। স্বপন সানইবান্দা ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে এক ব্যক্তি মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে দুজনই নিখোঁজ ছিল। গতকাল রাত আটটার দিকে কুকুরমারি গ্রামের একটি পাটখেতে স্থানীয় লোকজন দুটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মণ্ডল বলেন, দুজন নিখোঁজ হওয়ার বিষয়ে মহর আলীর বাবা বুধবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ (বৃহস্পতিবার) রাতে ওই গ্রামের একটি পাটখেতে স্থানীয় লোকজন অর্ধগলিত লাশ দুটি দেখতে পান। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।