নিখোঁজ দুই যুবক হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ দুই যুবককে গতকাল বুধবার মুন্সিগঞ্জের মাওয়া থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন স্বজনেরা। এ দুই যুবক হলেন জাহেদ আলম ওরফে বাপ্পী ও রবিন। উদ্ধারের পর তাঁদের পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনেরা অভিযোগ করেন, জাহেদ আলম নিখোঁজ হওয়ার পর তাঁর বাবার কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
জাহেদের বাবা জাভেদ আলী বলেন, তাঁদের বাসা পুরান ঢাকার আগামসিহ লেনে। জাহেদ গুলিস্তানের একটি কাপড়ের দোকানে কাজ করেন। গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জাহেদ ও তাঁর বন্ধু রবিন দোকান থেকে বের হন। এ সময় জাহেদ তাঁকে (জাভেদ আলী) বলেছিলেন, তাঁরা দুজন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন। এরপর রাতে তাঁদের দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ করেও স্বজনেরা তাঁদের সন্ধান পাননি।
জাভেদ আলী বলেন, গতকাল সকাল ছয়টার দিকে রবিনের মোবাইল ফোন থেকে একজন তাঁকে বলেন, জাহেদ তাঁদের কাছে রয়েছেন। তাঁকে ফিরে পেতে চাইলে ১০ লাখ টাকা দিতে হবে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে সকাল ১০টার দিকে তাঁকে আবার ফোন করে বলা হয়, মাওয়ায় সড়কের পাশে জাহেদ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই স্থান থেকে রবিনকে উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, উদ্ধার করা জাহেদের বাসা বংশাল থানা এলাকায়। জাহেদের বাবা কোতোয়ালি থানা এলাকার। পুলিশ এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। তবে ঘটনাটি রহস্যজনক। ওই দুজন সুস্থ হয়ে উঠলে তাঁদের সঙ্গে কথা বলে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।