পুলিশ ও নিহত শিশুদের পরিবার বলছে, মুক্তিপণের টাকা না পেয়ে তাদের হত্যা করা হয়েছে
নিখোঁজ দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে শাকিল (১২) ও ইমরান (১০) নামে দুই স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি লেবুখেত থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। পুলিশ ও নিহত শিশুদের পরিবার বলছে, মুক্তিপণের টাকা না পেয়ে তাদের হত্যা করা হয়েছে।
শাকিল ধামরাইয়ের চরচৌহাট পূর্বপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। ইমরান একই এলাকার আবু বক্করের ছেলে।
তারা দুজনই স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার দুপুরে দুই ছাত্র মির্জাপুরের হাড়িয়া উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান দেখতে যায়। সেখান থেকে তারা নিখোঁজ হয়। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মুঠোফোনে অপহরণকারী পরিচয়ে দুজনের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। গতকাল শুক্রবার বিকেলে এলাকাবাসী মির্জাপুর উপজেলার মুরাভাঙ্গা এলাকার একটি লেবুখেতে দুজনের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
ইমরানের চাচাতো ভাই কবির হোসেন বলেন, বৃহস্পতিবার শাকিল ও ইমরানকে অপহরণ করার কথা স্বীকার করে দুর্বৃত্তরা তাদের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর এক দিন পরই তাদের লাশ পাওয়া গেল। তিনি বলেন, দেলোয়ার ও আবু বক্কর তিন বছরেরও বেশি সময় ধরে ইরাকে রয়েছেন। এ কারণে টাকার জন্য কেউ দুই শিশুকে অপহরণ করে থাকতে পারে।
ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আন্নিছা হাসেম লাভলী বলেন, নিহত শিশুদের পরিবার খুবই দরিদ্র। ইমরান বাবা-মায়ের একমাত্র সন্তান। আর শাকিলরা দুই ভাই। শাকিল ছোট।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন গতকাল রাত ১০টায় প্রথম আলোকে বলেন, দুই শিশু বুধবার নিখোঁজ হওয়ার পর তাদের পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। মুক্তিপণ না দেওয়ার পাশাপাশি শিশুরা অপহরণকারীদের চিনে ফেলায় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ দুটি থানায় রাখা হয়েছে। কাল (আজ শনিবার) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
ধামরাই থানার ওসি রিজাউল হক বলেন, ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন একজনকে আটক করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।