নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার বাঘমারা গ্রামের একটি ধানখেত থেকে নজরুল ইসলাম (৪৮) নামের এক বিএনপি নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত একটার দিকে ধানখেতে খড়ের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। গত ২২ জানুয়ারি বিকেলে নজরুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।
নিহত নজরুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি খড়ের মধ্যে একটা অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে নিহত নজরুলের ছেলে শুভ হাওলাদার ঘটনাস্থলে গিয়ে নজরুলের দাড়ি ও পোশাক দেখে লাশ শনাক্ত করেন। রাত একটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। গতকাল রোববার পিরোজপুর সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেলে লাশ দাফন করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি এনায়েত হোসেন গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।