নিখোঁজ ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল রোববার বরগুনার বামনা উপজেলার চেঁচান গ্রামসংলগ্ন বিষখালী নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। গুরুতর আহতাবস্থায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীর নাম রেজাউল হক ওরফে মামুন (২৮)। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামে। তিনি ইট, বালু ও পাথরের ব্যবসা করেন।
মঠবাড়িয়া থানার পুলিশ সূত্র জানায়, রেজাউল হক গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর স্ত্রী নাসরিন সুলতানা এ বিষয়ে ২২ জুলাই মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রেজাউলের বাবা জিয়াউল হক ফারুকী বলেন, ‘রেজাউলের সঙ্গে স্থানীয় দুই ব্যবসায়ীর ব্যবসায়িক দ্বন্দ্ব আছে। এর জের ধরে ওই দুই ব্যবসায়ী মিলে বৃহস্পতিবার সকালে রেজাউলের ট্রলারের শ্রমিকদের মারধর করেন। বিকেলে রেজাউল বিষয়টি মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানকে জানানোর জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।’
হাসপাতালে চিকিৎসাধীন রেজাউল হক মুঠোফোনে বলেন, ‘বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তুলাতলা এলাকায় চার-পাঁচজন লোক পথ রোধ করে। তারা গামছা দিয়ে চোখ ও হাত বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর আর কিছু মনে নেই।’
রেজাউলকে উদ্ধারকারী দুই জেলে বামনার চেঁচান গ্রামের সোবহান মিয়া ও দুলাল হাওলাদার জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁরা বিষখালী নদীতে জাল তুলতে যান। এ সময় নদীর চরে হোগলাবনে গোঙানির শব্দ শুনে তাঁরা সেখানে এগিয়ে গেলে হাত-পা বাঁধা অবস্থায় রেজাউলকে দেখতে পান। তাঁকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাবের আল সাঈদ জানান, অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রেজাউল হককে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, রেজাউল হকের নিখোঁজের বিষয়ে তাঁর স্ত্রী থানায় জিডি করেছিলেন। তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।