নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এই লাশ উদ্ধার করা হয়।

ওই ব্যবসায়ীর নাম শামছুজ্জামান খান ওরফে পটন (৫০)। তিনি উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নিজ এলাকায় বালুর ব্যবসা করতেন।

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) তুহিন আলী জানান, শামছুজ্জামানের নামে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গত শুক্রবার রাতে তিনি বাড়ির পাশে চাচার বাড়িতে যান। সেখানে চাচাতো ভাই শিশিরের সঙ্গে ঘুমান। পরদিন সকালে উঠে শামছুজ্জামান ও শিশির কাউকে ঘরের ভেতর পাওয়া যায়নি। গতকাল সোমবার শামছুজ্জামানের পরিবারের পক্ষ থেকে বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ সকালে এলাকার লোকজন শিশিরদের বাড়ির পাশের পরিত্যক্ত একটি শৌচাগারের কুয়ার ভেতর লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে সেখান থেকে শামছুজ্জামানের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কিছু আলামতও তারা উদ্ধার করতে পেরেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশিরকে পাওয়া গেলে পুরো ঘটনা বোঝা যাবে। তাঁকে খোঁজা হচ্ছে।