নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল তুরাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে দুই রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বের জেরে গত রোববার প্রতিপক্ষের হামলা ও গুলির ঘটনার পর থেকে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তুরাগ নদ থেকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ওই ব্যবসায়ীর নাম জুয়েল দাস (২৮)।
জুয়েলের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে। তিনি সিলিকন রিয়েল এস্টেটের প্রকল্পে ইট সরবরাহ করতেন। পুলিশ বলছে, আবাসন প্রকল্পের জমি নিয়ে সিলিকন রিয়েল এস্টেট ও ওয়েস্টার্ন হাউজিংয়ের মধ্যে বিরোধ চলছিল।
গত রোববার সিলিকন রিয়েল এস্টেটের প্রকল্পে হামলা ও গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান, আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা রিয়াজসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়। সিলিকন রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আবদুল হামিদ বাদী হয়ে রোববার সাভার মডেল থানায় এ মামলা করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা কিছুদিন ধরে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড় বরদেশী এলাকায় সিলিকন রিয়েল এস্টেটের প্রকল্পে নানাভাবে বাধা দিচ্ছিলেন। গত রোববার আসামিরা অজ্ঞাতপরিচয়ের সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে প্রকল্প এলাকায় কর্মরত শ্রমিকসহ অন্যদের ওপর হামলা চালান। এ সময় আরিফুল ইসলাম তাঁর লাইসেন্স করা শটগান দিয়ে গুলি চালান এবং অন্যরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে কর্মচারী ও শ্রমিকসহ অন্তত আটজন আহত হন।
সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই বাছেদ মিয়া বলেন, আহতদের মধ্যে সাতজনকে উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও জুয়েল দাস নিখোঁজ ছিলেন।
আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, বড় বরদেশী এলাকায় সরকারি খাসজমি ও নদী ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এসবের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, আবাসন প্রকল্পের জমি নিয়ে সিলিকন রিয়েল এস্টেট ও ওয়েস্টার্ন হাউজিংয়ের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর জের ধরেই গত রোববার হামলার ঘটনা ঘটে। ওই হামলার শিকার হয়ে জুয়েল দাস মারা গেছেন। এক ঘটনায় একাধিক মামলা রুজু করার নিয়ম নেই। তাই হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে জুয়েল হত্যার অভিযোগ আনা হবে।