নিখোঁজ মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিরুদ্দেশ এক মুক্তিযোদ্ধার ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। হাতীবান্ধা সমাজসেবা কর্মকর্তার যোগসাজশে উপজেলার দুজন মুক্তিযোদ্ধা টাকা আত্মসাৎ করেছেন।
এর প্রতিকার চেয়ে আমজাদ হোসেন নামের ওই মুক্তিযোদ্ধার একমাত্র মেয়ে মিনারা খাতুন চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সাংসদ, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। একই মাসে নিজের নিরাপত্তা চেয়ে তিনি হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী এলাকার মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ১৯৭৪ সালের একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। মামলার পর থেকে প্রায় ৩০ বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। কিন্তু গত বছর থেকে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের নামে সরকারি মুক্তিযোদ্ধা ভাতা তোলা হচ্ছে।
মিনারা খাতুন জানান, তাঁর বাবা নিখোঁজ হওয়ার কয়েক বছর পর মা রহিমা খাতুনের অন্যত্র বিয়ে হয়। তাঁর কোনো ভাই-বোন নেই। এই অবস্থায় তার জেঠা তাঁকে লালন-পালন করেন। সম্প্রতি একই জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার সুরুজ মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। অথচ ভাতা উত্তোলনের কাগজপত্রে জেঠাতো ভাই আশরাফুল আলীকে আমজাদ হোসেনের ছেলে দেখানোসহ নমিনি করা হয়েছে।
মিনারা খাতুনের মা রহিমা খাতুন বলেন, ‘মামলার পর থেকে আমার স্বামীকে অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু তাঁকে পাইনি। নিখোঁজ থাকার পরও ব্যাংক থেকে কীভাবে তাঁর নামে ভাতার টাকা তোলা হচ্ছে, তা আমি জানি না।’
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে সিরাজুল ইসলাম বসুনিয়া ও শহর উদ্দিন নামের দুই মুক্তিযোদ্ধা এই ভাতার টাকা আত্মসাৎ করছেন।
হাতীবান্ধা সোনালী ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের ব্যাংক হিসাব থেকে ৫১ হাজার টাকা তোলা হয়েছে। ব্যাংক সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কর্মকতার যৌথ হিসাবে (মূল হিসাব) প্রথমে টাকা জমা হয়। এরপর তাঁদের দেওয়া মুক্তিযোদ্ধার তালিকা অনুযায়ী প্রতি মুক্তিযোদ্ধার হিসাবে টাকা জমা হয়। ওই টাকা চেকের মাধ্যমে মুক্তিযোদ্ধারা উত্তোলন করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক বলেন, আমজাদ হোসেন প্রকৃত মুক্তিযোদ্ধা। ১৯৭৪ সালের দিকে তাঁর নামে একটি মামলা হয়। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এই সুযোগে স্থানীয় সিরাজুল ইসলাম বসুনিয়া ও শহর উদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতান উদ্দিনের যোগসাজশে ভুয়া স্বাক্ষর করে ব্যাংক থেকে টাকা তুলেছেন।
সিরাজুল ইসলাম বসুনিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমজাদের মেয়েকে দিয়ে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক এটা করাচ্ছেন। ওই কমান্ডারের সঙ্গে উপজেলা কমান্ডার পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তাই মানসম্মান ও ভাবমূর্তি নষ্ট করার জন্য তিনি এটা করাচ্ছেন। এ নিয়ে বিব্রত অবস্থায় পড়েছি। মুক্তিযোদ্ধা হয়ে আরেক মুক্তিযোদ্ধার ভাতার টাকা উত্তোলন করা কীভাবে সম্ভব? তাও আবার ব্যাংকের হিসাব নম্বর থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে হয়। তাই ব্যাংকে গিয়ে খোঁজখবর নিলে ভালো হয়, তারাই বলতে পারেন, কে টাকা উত্তোলন করেছে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতান উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি রয়েছে। ওই কমিটির সুপারিশে ভাতার অনুমোদন হয়। তবে অভিযোগ পাওয়ার পর আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের সশরীরে উপস্থিতি ছাড়া অন্য কাউকে ভাতার টাকা না দেওয়ার জন্য ব্যাংক ব্যবস্থাপককে সুপারিশ করেছি।’
সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক আজিজুল হক জানান, নিয়ম অনুযায়ী ছবি নিয়েই হিসাব খোলা হয়েছে। ইতিমধ্যে আমজাদ হোসেনের হিসাব থেকে ভাতার টাকাও উত্তোলন করা হয়েছে। তবে তাঁর মেয়ের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ওই হিসাবের বিপরীতে টাকা দেওয়া বন্ধ রয়েছে।