নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে মোল্লা মাহমুদুল হাসান রনি (২৪) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। দুই দিন নিখোঁজ থাকার পর গতকাল শনিবার দুপুরে পুলিশ বাগেরহাট শহরসংলগ্ন কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা স্লুইচগেটের সামনে দড়াটানা নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে। এ সময় তাঁর মোটরসাইকেল ও দুটি দামি মুঠোফোন পাওয়া যায়নি।
নিহত মাহমুদুল হাসান শহরের বিসিক শিল্প এলাকার মোল্লা আবদুস সালামের ছেলে। বিসিক শিল্প নগরে ‘রনি অটো কোকোনাট মিল’ নামের তাঁদের নারকেল তেল তৈরির একটি কারখানা আছে।
পরিবারের সদস্যরা জানান, ১৮ সেপ্টেম্বর বিকেলে মাহমুদুল নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন তাঁর বাবা মোল্লা আবদুস সালাম বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল ও মুঠোফোন নেওয়ার জন্যই মাহমুদুলকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। নিহতের বন্ধুবান্ধব ও সহযোগীদের বিষয়ে আমরা খোঁজখবর নেওয়া শুরু করেছি। মাহমুদুলকে কখন, কোথায় ফেলে হত্যা করা হয়েছে তা নির্ণয় করার চেষ্টা চলছে।’