নিখোঁজ শিশু উদ্ধার, অপহরণকারী সন্দেহে আটক ২
নওগাঁর রানীনগর উপজেলার এনায়েতপুর গ্রাম থেকে ১৮ আগস্ট নিখোঁজ হওয়া সুজাত (১০) নামের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
আটক কিশোরেরা হলো বগুড়ার শেরপুর উপজেলার বাটখৈর গ্রামের হাসান শেখের ছেলে হাবিবুল্লাহ (১৪) ও নওগাঁ সদরের বরেন্দ্র গেট এলাকার বাহাদুরের ছেলে শান্ত ইসলাম (১৭)।
গতকাল রোববার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি মোজাম্মেল হক বলেন, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে নওগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সেখান থেকে শিশুটিকে অপহরণকারী সন্দেহে শান্তকে আটক করা হয়। সে বাসের হেলপার। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে শিশুটির পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করায় শনিবার রাত আটটার দিকে হাবিবুল্লাহকে শেরপুর উপজেলার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আটক শান্ত সাংবাদিকদের জানায়, সুজাত ২০ আগস্ট তার কাছে এসে জানায় সে বাসের হেলপারি করবে। সে তার বাড়ির ঠিকানা একেক সময় একেক রকম বলত। সুজাত তাকে জানায় তার কোনো থাকার জায়গা নেই। তাই সুজাতকে সে থাকতে দিয়েছে। সে তার সঙ্গে গাড়ি ধোয়ামোছার কাজ করত। মাঝে মাঝে হেলপারি করত।
হাবিবুল্লাহ জানায়, তার এক বন্ধু এমদাদুল তার মুঠোফোন থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে খুদে বার্তা পাঠিয়েছে। সে এর কিছু জানে না বলে দাবি করে।
সুজাত বলে, তার বাবা সৌদি আরব থাকেন। সে এনায়েতপুর হাই সিদ্দিকীয়া কওমি মাদ্রাসায় লেখাপড়া করে। মৌলভিরা পড়া না পারলে মারধর করত। তাই সে মাদ্রাসা থেকে পালিয়েছে। মাদ্রাসায় পড়তে না চাইলে বাড়িতেও মারধর করত।
এর আগে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে গত ১ সেপ্টেম্বর রাজশাহীর বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সুজাতের খালু মুজিবুর রহমান। ওই সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৮ আগস্ট সকালে সুজাত বাড়ি থেকে প্রতিদিনের মতো এনায়েতপুর গ্রামের হাই সিদ্দিকীয়া কওমি মাদ্রাসায় যায়। নির্দিষ্ট সময়ের পরেও বাড়িতে ফিরে না এলে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন রানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ঘটনার তিন দিন পর সুজাতের বড় ভাই সুমন কাজীর মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।