নিখোঁজ শিশুর ভাসমান লাশ
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলী মল্লিক (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার গোপালপুর গ্রাম এলাকায় ঘাঘর নদে ছেলের লাশ ভাসতে দেখেন বাবা আলম মল্লিক।
আলী মল্লিক গোপালপুর গ্রামের ছেলে। সে গোপালপুর করিমুন্নেছা উচ্চবিদ্যালয়ের গেটে আমড়া বিক্রি করত।
আলীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট সকালে আলী আমড়া নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। এ ঘটনায় আলীর বাবা আলম মল্লিক পরদিন কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ সকাল আটটার দিকে আলম মল্লিক বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে ঘাঘর নদে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, নিখোঁজ হওয়ার দিনেই ওই কিশোরকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।