নিখোঁজ শিশুর লাশ এক দিন পর উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল শনিবার তামিম হোসেন (৭) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তামিম উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। গত শুক্রবার পার্শ্ববর্তী গ্রাম নরসিংহপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে ওই গ্রাম থেকে তার মরদেহ পাওয়া যায়।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তামিম তাঁর বাবার সঙ্গে নরসিংহপাড়ায় নানার বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার পর নানার বাড়িতে তাকে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে কোথাও পাওয়া যায়নি। গতকাল সকালে গ্রামের লোকজন পশ্চিমপাড়া মাঠে সরিষার গাদার মধ্যে তামিমের লাশ দেখতে পায়। খবর পেয়ে উল্লাপাড়া থানা-পুলিশ শনিবার দুপুরে তামিমের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাসপাতাল চত্বরে তামিমের বাবা সোলায়মান হোসেন বলেন, ‘আমার সঙ্গে কারও শত্রুতা নেই। কারা তাকে হত্যা করেছে তা বুঝতে পারছি না।’
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ গতকাল বিকেলে বলেন, শিশুটির গলায় কালো দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর সরিষার গাদার মধ্যে লাশ ঢুকিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।