নিখোঁজ শ্রমিকের সন্ধানের দাবিতে কারখানায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় একটি পোশাক কারখানার নিখোঁজ হওয়া এক শ্রমিকের সন্ধানের দাবিতে গতকাল সোমবার কর্মবিরতি ও কারখানায় ভাঙচুর চালিয়েছেন শ্রমিকেরা। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কাশিমপুর নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাব লিমিটেড নামের এক পোশাক কারখানায় গত শনিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। কারখানার কর্মী মেহেদী হাসান (২৫) ওই দিন বিকেল পাঁচটার দিকে সহকর্মীদের কাছে নামাজ পড়ার কথা বলে কারখানা থেকে বের হন। এর পর থেকে তিনি আর কাজে ফেরেননি। এর আগে গত বুধবার সেকশনের কাজকর্ম নিয়ে একই সেকশনের কাটিং ম্যানেজার নাজিম উদ্দিনের সঙ্গে মেহেদীসহ কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। এতে কারখানার কাজ বিঘ্নিত হলে ওই দিনই নাজিমকে কারখানা থেকে অব্যাহতি দেওয়া হয়। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে শ্রমিকেরা কারখানায় ঢুকে কাজে যোগ না দিয়ে মেহেদীর সন্ধানের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
পরে বিক্ষুব্ধরা কারখানায় কর্মবিরতি পালন করেন এবং কারখানার জানালার কাচ ভাঙচুর করে বের হয়ে যান। এ সময় পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে শ্রমিকেরা ইট-পাটকেল ছোড়েন। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
মেহেদীর মামা আমিরুল ইসলাম জানান, শনিবার বিকেল চারটার দিকে মেহেদীর সঙ্গে তাঁর স্ত্রী মিতুর মুঠোফোনে সর্বশেষ কথা হয়। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, নাজিমই মেহেদীকে খুন করে গুম করেছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।