নিখোঁজ সাইফুদ্দিনের খোঁজে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ ব্যবসায়ী রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা মো. সাইফুদ্দিনের খোঁজে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাইফুদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক এস এম বাদশা মিয়া।

বাদশা মিয়া বলেন, ২৮ অক্টোবর সকাল পৌনে সাতটার দিতে সাইফুদ্দিনকে লালবাগের শহিদনগরের বাড়ি থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ২৪ জনের একটি দল ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তাঁরা নিজেদের র‍্যাব ও গোয়েন্দা পুলিশের পরিচয় দেন। সাইফুদ্দিনকে ধরে নিয়ে যাওয়ার পর তাঁর পরিবারের লোকজন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দেখা করে কিন্তু কোথাও তাঁর খোঁজ মেলেনি। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১ নভেম্বর তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মুঠোফোনে সাইফুদ্দিনের ছোট ভাই মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, বড় ভাই নিখোঁজের পর থেকে মা ও ভাবি প্রচণ্ড অসুস্থ। আজ বেশি অসুস্থ থাকায় আমরা পরিবারের কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারিনি। ভাইকে ধরে নিয়ে যাওয়ার পর ওই দিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এখনো কোনো খোঁজ পাইনি।