নিখোঁজের চার দিন পর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কৈরাশ গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্রের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে নিখোঁজের দুদিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুনিয়া গ্রামে বুধবার সন্ধ্যায় এক কৃষকের লাশ পাওয়া গেছে।
নাঙ্গলকোটে নিহত ছাত্রের নাম শাহাদাত হোসেন (১৫)। সে কৈরাশ গ্রামের নুরুল আমিনের ছেলে। শাহাদাত জোড্ডা বাজার পাবলিক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। রাজাপুর থেকে উদ্ধার করা লাশটি ইব্রাহিম খানের (৫০)। তাঁর বাড়ি কানুনিয়া গ্রামে।
নাঙ্গলকোট থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত রোববার শাহাদাত হোসেন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। গতকাল সকালে গ্রামের মিয়াজী বাড়ির পুকুরে তার খণ্ডিত মাথা দেখতে পান কয়েকজন। পুকুরের পাশে ধানের জমির আলে তার দেহের বাকি অংশ পাওয়া যায়। পুলিশ দুপুর ১২টার দিকে গিয়ে দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় শাহাদাতের মা হাসিনা আক্তার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। হাসিনা আক্তার বলেন, ‘শত্রুতার জের ধরে আমার ছেলেকে খুন করা হয়েছে। তবে কারা হত্যা করেছে, তা বলতে পারছি না। আমি ছেলে হত্যার বিচার চাই।’
এদিকে রাজাপুর থানার পুলিশ ও পরিবারিক সূত্র জানায়, সোমবার বেলা তিনটার দিকে ইব্রাহীম খান স্থানীয় বাজারে চা পান করার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিকেলে প্রতিবেশী আশরাফ আলী খানের বাড়ির পেছনে বাগানের মধ্যে এক নারী লাশ দেখতে পান।
ইলিয়াস খান বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ বাবাকে হত্যা করেছে।’
রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ইব্রাহীম খানের মাথায় আঘাতের চিহ্ন ও শরীরে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে।