নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর দুর্জয় দাস ওরফে মরণ দাস (১০) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাজাদি এলাকায় বাড়ির পাশের কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুর্জয় দাস রাজাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও রাজাদি এলাকার বিজন চন্দ্র দাসের ছেলে।
দুর্জয়ের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে খেলাধুলা করতে রাজাদি স্কুল মাঠ এলাকায় যায় দুর্জয়। কিন্তু সেদিন সন্ধ্যার পরও সে বাড়ি ফেরেনি। পরে পরিবারের লোকজন ও স্বজনেরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। মঙ্গলবার দুর্জয়ের বাবা বিজন চন্দ্র দাস সদর মডেল থানায় জিডি করেন। গতকাল সকালে বাড়ির পাশের কলাবাগানে স্থানীয় একজন দুর্গন্ধ পান। পরে সামনে গিয়ে অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।