নিখোঁজ স্কুলছাত্রের লাশ ছড়া থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের জালালাবাদ আবাসিক এলাকা থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর গতকাল সোমবার পার্শ্ববর্তী দর্শনদেউড়ি এলাকার একটি ছড়া থেকে বাবুল মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাবুল দর্শনদেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে জালালাবাদ আবাসিক এলাকার শামসুল হকের ছেলে।
থানার পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে দর্শনদেউড়ি ছড়ার আবদুল গফুর স্কুলের একপাশে লাশটি ভাসছিল। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি বাবুলের বলে শনাক্ত করেন তার বাবা।
শামসুল হক বলেন, তাঁদের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে। সপরিবারে তিনি জালালাবাদ আবাসিক এলাকায় থাকতেন। গত শুক্রবার বিকেলে বাবুল বাসা থেকে বের হয়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গত রোববার বিমানবন্দর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মহানগর পুলিশের বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) লোকমান আহমদ জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড, না দুর্ঘটনা, বিষয়টি এখনো পরিষ্কার নয়। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।