নিখোঁজ হওয়ার এক দিন পর শিশুর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীর থেকে গতকাল মঙ্গলবার আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থেকে গত সোমবার সন্ধ্যায় ওই শিশু নিখোঁজ হয়।
নিহত শিশুর নাম জাহিদুল ইসলাম (৮)। জাহিদুল গোদনাইলের পূর্ব এনায়েতনগর এলাকার চা-দোকানি মজিবুর রহমানের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার দারাকপুর গ্রামে। দুই ভাই ও এক বোনের মধ্যে জাহিদুল ছিল দ্বিতীয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, গত সোমবার সন্ধ্যা ছয়টা থেকে জাহিদুল ইসলাম নিখোঁজ ছিল। এ ঘটনায় শিশুর বাবা মজিবুর রহমান মঙ্গলবার সকালে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে মুক্তিপণ চেয়ে তাঁদের কাছে কোনো ফোন আসেনি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, দুপুর ১২টায় শীতলক্ষ্যার পাড়ে লক্ষ্মীনারায়ণ কটন মিলস-সংলগ্ন এলাকা থেকে একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে তাঁরা সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শিশুর লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ বলেন, শিশুর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে। কী কারণে ও কারা শিশুটিকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।