নিখোঁজ হওয়ার তিন দিন পর গলা কাটা লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩
নরসিংদীর শিবপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর সৈয়দ সারোয়ার জাহান ওরফে জুয়েল নামের এক তরুণের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার কোদালকাটা গ্রামের ময়লার স্তূপ থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও নিহত সারোয়ারের পরিবার সূত্রে জানা যায়, মশার কয়েল কিনতে গত শনিবার সারোয়ার জাহান স্থানীয় নৌকাঘাট বাজারের উদ্দেশে বের হন। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর থেকে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন সারোয়ারের চাচা সৈয়দ সামসুল ইসলাম শিবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে কোদালকাটা গ্রামের এক ব্যক্তির মুরগির খামারের বর্জ্যের স্তূপে একটি বস্তা দেখে লোকজনের সন্দেহ হয়। পরে বস্তা খুলে সারোয়ার জাহানের লাশ পাওয়া যায়। এ ঘটনায় সারোয়ারের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে গতকাল বুধবার শিবপুর থানায় মামলা করেন। মামলায় একই গ্রামের আবদুল কাদিরকে (৬০) প্রধান আসামি করা হয়। পুলিশ আবদুল কাদির, নরসিংদী শহরের ভেলানগর গ্রামের লিটন (৩৭) ও ছোটাবন্দ গ্রামের আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে।
ফেরদৌসী বেগম বলেন, ‘আবদুল কাদিরের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। ছয় মাস আগে আমার স্বামী কাদিরকে মারধর করেন। তখন তিনি আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। আমার ধারণা, ওই ঘটনার সূত্র ধরে কাদিরের নির্দেশে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।’
পুলিশ হেফাজতে আবদুল কাদির হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, সারোয়ারকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। পরে গুমের উদ্দেশ্যে লাশ চটের বস্তায় ভরে মুরগির বর্জ্যের স্তূপে লুকিয়ে রাখা হয়।