নিখোঁজের আট ঘণ্টা পর নাটোরে শিশুর লাশ উদ্ধার
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি গ্রাম থেকে রাব্বি হোসেন (৬) নামের নিখোঁজ এক শিশুর লাশ প্রায় আট ঘণ্টা পর গ্রামের এক পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। রাব্বি নামের ওই শিশু রামাগাড়ি গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও স্থানীয় আল আসগিয়া ইন্টারন্যাশনাল স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল।
রাব্বির বাবা আসাদুল ইসলাম জানান, শনিবার দুপুরে তাঁর ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে খাওয়াদাওয়া করে বাড়ির পাশে খেলছিল। এরই একপর্যায়ে নিখোঁজ হয় সে। শিশুটি অপহৃত হয়েছে সন্দেহে আত্মীয়স্বজন আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু রাত আটটা অবধি তাকে পাওয়া যায়নি।
অবশেষে রাত আটটার কিছু পরে গ্রামের একটি পুকুরে রাব্বির মৃতদেহ পাওয়া যায়। তবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে তিনি জানান। তবু রাব্বির মৃত্যুকে অস্বাভাবিক বলে তার পরিবারের সদস্যরা মনে করছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।