নিখোঁজের আট দিন পর যমুনার চরে যুবকের লাশ
নিখোঁজ হওয়ার আট দিন পর সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার যমুনা নদীর প্রত্যন্ত চর মেহেরনগর এলাকা থেকে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম ওমর আলী (১৮)। তিনি বড়ধুল ইউনিয়নের চরগোলকপুর গ্রামের মছির উদ্দিনের ছেলে। স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আজ বুধবার বেলা দুইটার দিকে লাশ উদ্ধার করে।
বেলকুচি থানা সূত্র জানায়, জানান ৭ ফেব্রুয়ারি সকালে ওমর আলী মাষকলাই তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। আজ দুপুরে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গেলে তাঁদের জালে একটি বস্তা আটকা পড়ে। পরে বস্তাটি ডাঙায় তোলার পর খুলে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ বেলা দুইটার দিকে ওমরের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশের হাত-পা ও গলায় দড়ি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর বস্তায় বালু ভরে যমুনা নদীতে ফেলে দিয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ওমরের বাবা মছির উদ্দিন বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা করেছেন।
মছির উদ্দিন বলেন, ‘আমার ছেলের বা আমার সঙ্গে কারও কোনো শত্রু ছিল না।’