নিখোঁজের এক দিন পর নৈশপ্রহরীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর বাঁওড় থেকে খলিলুর রহমান (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর গত সোমবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, খলিলুর রহমান পানিতে ডুবে মারা গেছে। তাঁর বাড়ি বেনীপুর গ্রামের বিশ্বাস পাড়ায়। তিনি দীর্ঘদিন ধরে বাঁওড়ের নৈশপ্রহরী হিসেবে কাজ করে আসছিলেন।
পুলিশ ও খলিলের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে খলিল বাঁওড় পাহারা দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরদিন সোমবার সকালে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বাঁওড় ও আশপাশের এলাকা এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেন। সন্ধ্যায় বাঁওড়ে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন খলিলের স্বজন ও থানার পুলিশকে জানান। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নেয়। ময়নাতদন্তের জন্য গতকাল মঙ্গলবার সকালে লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী খলিল পানিতে ডুবে মারা গেছেন বলে মনে হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভগ্নিপতি উজ্জ্বল হোসেন বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।