নিখোঁজের এক দিন পর পুকুরে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিখোঁজের এক দিন পর জুনায়েদ হোসেন (১১) নামের এক ছাত্রের লাশ রূপসদী গ্রামের পুকুরের পানিতে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রূপসদী উত্তরপাড়া কওমি মাদ্রাসার পুকুরে জাল ফেলে এলাকাবাসী লাশ উদ্ধার করে।
নিহত জুনায়েদ হোসেন রূপসদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে রূপসদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ছাত্র ছিল।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, জুনায়েদ হোসেন গত বুধবার বেলা দুইটার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে মাদ্রাসার পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পরে ছেলেরা গোসল সেরে বাড়ি ফিরে যায়। জুনায়েদ হোসেন বাড়ি ফিরে না যাওয়ায় এলাকায় মাইকিং করা হয় এবং সন্ধ্যায় মাদ্রাসার পুকুরে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। পাওয়া না গেলে গতকাল সকালে আবার জাল ফেলে জুনায়েদের লাশ উদ্ধার করা হয়।
জুনায়েদ হোসেনের চাচা আলমগীর হোসেন বলেন, জুনায়েদ সাঁতার জানত না। সে সাধারণত নলকূপের পানি দিয়ে গোসল করত। বুধবার বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সে পুকুরের পানিতে তলিয়ে যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে জুনায়েদ হোসেনের লাশ তার পরিবার দাফন করেছে।