নিখোঁজের এক দিন পর বিদ্যুৎমিস্ত্রির লাশ উদ্ধার
নিখোঁজের এক দিন পর ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার হাবিবপুর এলাকার বিদ্যুৎমিস্ত্রি শাহিন শেখের (২৬) লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পৌরসভার কবিরপুর এলাকার জনৈক বাপ্পী শেখের (২৪) ঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ বাপ্পী শেখকে আটক করেছে।
নিহত শাহিন শেখের পরিবারের সদস্যরা বলেন, শাহিন শেখ গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়। রাত সাতটার দিকে বাপ্পীর আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাঁকে আটক করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর ঘরের মধ্যে কাঁথা দিয়ে জড়িয়ে লুকিয়ে রাখা অবস্থায় শাহিন শেখের লাশ উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, বাপ্পী জানিয়েছেন, শাহিন শেখ তাঁর কাছে ১ হাজার ১০০ টাকা পেতেন। টাকা আদায়ের জন্য শাহিন শেখ বৃহস্পতিবার তাঁর বাড়িতে যান। সেখানে এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে বাপ্পী ছুরি দিয়ে আঘাত করলে শাহিন মারা যান। পরে লাশটি ঘরের মধ্যে লুকিয়ে রাখেন বাপ্পী।