নিখোঁজের এক দিন পর ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার
নীলফামারীর ডোমার উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) মিরজাগঞ্জ শাখার নিখোঁজ নৈশপ্রহরী আমিনুর রহমানের (৪৫) লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার দেওনাই নদীর হরিণচড়া ইউনিয়নের ধরধরারপাড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার বিকেলে নিখোঁজ হয়েছিলেন তিনি।
আমিনুর ডোমার পৌরসভার ছোট রাউতা ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে আমিনুরকে দেওনাই নদীর ধারে উপজেলা সদরের শ্মশানঘাট এলাকায় বসে থাকতে দেখা যায়। এর কিছু সময় পর সেখানে তাঁর পরনের জামা, মুঠোফোন, বাইসাইকেল ও কয়েকটি চাবি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁকে খুঁজে না পেয়ে স্থানীয় লোকজন পরিবারের সদস্যদের খবর দেন। এরপর নদীসহ বিভিন্ন স্থানে তাঁকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় তাঁর পরিবার। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওই নদীতে অনুসন্ধান করেও তাঁকে খুঁজে পায়নি। পরে গতকাল দুপুরে ওই নদীর ধরধরারপাড় এলাকায় তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
আমিনুরের স্ত্রী মিনা আক্তার বলেন, গত বৃহস্পতিবার রাতে ব্যাংকে দায়িত্ব পালন শেষে শুক্রবার সকালে বাড়িতে আসেন তিনি (আমিনুর)। এরপর বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে ওই নদীর ধারে তাঁর বাইসাইকেল, মুঠোফোন ও পরনের জামাকাপড় দেখে বাড়িতে খবর দেন এলাকার লোকজন। ওই রাতে অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায়নি।