নিখোঁজের এক দিন পর মিলল মুক্তিযোদ্ধার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারী গ্রামে মোজাহার আলী (৭০) নামে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার মোহনপুর খাল থেকে লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ। গতকাল বিকেলেই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহের দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মোজাহার আলী শনিবার সকালে বাড়ি থেকে বের হন। পরে রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় সম্ভাব্য সব স্থানে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। কিন্তু তাঁর সন্ধান মেলেনি। গতকাল রোববার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মোহনপুর খালে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। লাশ পড়ে থাকার খবর শুনে তাঁর পরিবারের লোকজনও ঘটনাস্থলে যান। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করলে পরিবারের লোকজন লাশটি মোজাহারের বলে শনাক্ত করেন।
মোজাহারের ছেলে দেলোয়ার হোসেন বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। কয়েক বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খুঁজেও তাঁকে আমরা পাইনি।’
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, মোজাহার আলীর মরদেহ মোহনপুর খাল থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন থাকায় পথ ভুল করে খালে পড়ে গেছেন বলে মনে হচ্ছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মোজাহার আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। গতকাল বাদ আসর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়েছে।