নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের এক দিন পর সজল খান ওরফে সাগর (১১) নামের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে৷ শিশুটির বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর বরুমচড়া গ্রামে। বাড়ির আধা কিলোমিটার দূরে একটি খাল থেকে বুধবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে আটক করা হয়েছে।
সাগর বরুমচড়ার নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছে। তার বাবা আবদুচ ছবুর একটি মাজারের বাবুর্চি। তাঁর আট সন্তানের মধ্যে সাগর সবার ছোট।
আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল করিম প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে শিশুর গলা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।
নিহত সাগরের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় একটি মাহফিলে যাওয়ার কথা বলে সাগরকে ঘর থেকে ডেকে নিয়ে যায় তার দুই বন্ধু। কিন্তু রাতে বন্ধুরা ঘরে ফিরে এলেও সাগর ফিরে আসেনি। বিষয়টি নিয়ে সাগরের পরিবারের সদস্যরা ওই দুই বন্ধুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তারা সাগরের কোনো খোঁজ দিতে পারেনি।
সাগরকে না পেয়ে বুধবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পরে রাত দুইটার দিকে বাড়ির আধা কিলোমিটার পশ্চিমে একটি খালে সাগরের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। মাথা, গলাসহ মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
সাগরের এক বন্ধুর বাবা আবুল কাশেম রোহিঙ্গা। তিনি প্রায় ১৫ বছর ধরে পরিবার নিয়ে বরুমচড়ায় বসবাস করছেন। অন্য বন্ধুর বাবা আবদুল জলিল স্থানীয় বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের দুজনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘরের দরজা তালাবদ্ধ ছিল।
সাগরের বড় বোন পারভীন আকতার বলেন, সাগরকে ডেকে নিয়ে তার দুই বন্ধু খালপাড়ে খুন করেছে। এ কাজে সহায়তা করেছে দুই বন্ধুর পরিবার।
সাগরের বড় ভাই মো. ইমন বলেন, সাগরকে নির্যাতন করে খুন করা হয়েছে।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শামীম হোসেন বলেন, ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।