নিখোঁজের এক মাস পর শিশুর লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতুকিচালা এলাকা থেকে গতকাল শনিবার বিকেলে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি এক মাস ধরে নিখোঁজ ছিল। তার নাম রাব্বি হোসেন (৩)। সে হরতুকিচালা এলাকার আবদুল আলীমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে হরতুকিচালা এলাকার একটি জমির সীমানাদেয়ালের পাশে শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। পরে রাব্বির পরিবার তার লাশ শনাক্ত করে। রাব্বি গত ৭ ডিসেম্বর বিকেলে বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয়। তার বাবা-মা এলাকার বিভিন্ন স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে কালিয়াকৈর থানায় জানান। ১০ ডিসেম্বর বিকেলে রাব্বির বাবা আবদুল আলীম কালিয়াকৈর এলাকার জাহিদ, জালাল ও তানভীর নামের তিন যুবকের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। ওই দিনই পুলিশ তানভীরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাঁর কাছ থেকে তথ্য না পেয়ে পুলিশ অপর আসামি জাহিদ ও জালালকে গ্রেপ্তারের চেষ্টা করে ব্যর্থ হয়। জাহিদ, জালাল ও তানভীর সিরাজগঞ্জের কামারখন্দের বীরভদ্র ঘাট এলাকার বাসিন্দা।